শহীদ ওসমান হাদীর নামকরণে তৃতীয় শীতলক্ষ্যা সেতু

নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নতুন নামকরণ করা হয়েছে। জুলাই আন্দোলনের ছাত্র-জনতার উদ্যোগে সেতুটির নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদী সেতু’। শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ নামকরণ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এসে শেষ হয়। সন্ধ্যায় সেখানে উপস্থিত ছাত্র–জনতা সেতুটির নতুন নামফলক ঘোষণা করেন।

এ সময় জুলাই আন্দোলনে আহত ও বন্দর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ হাদীর আত্মত্যাগের কারণেই আজ দেশের মানুষ সত্য কথা বলার সাহস পাচ্ছে। তার সম্মানেই আজ এই সেতুর নামকরণ করা হলো।’

এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, ‘শহীদ হাদীর কথা মনে হলে হৃদয় কেঁপে ওঠে। প্রকাশ্য দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজও খুনিরা ধরা পড়েনি। প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই— দ্রুত খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চব্বিশের আন্দোলনের সম্মুখ সারির নেতা মো. ফয়সাল, বন্দর থানা সাবেক ছাত্র শিবিরের আহ্বায়ক মো. আল হাসান, মো. সাগর, মো. নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মো. সাদিউর রহমান, মো. আশরাফুল ও মো. রাসেলসহ অনেকে।