গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

কনকনে শীতের মধ্যে ইউএনও নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রেলওয়ে স্টেশনে অল্প কাপড় জড়িয়ে শুয়ে থাকা এক বৃদ্ধা শীতে থরথর করে কাঁপছিলেন। এ সময় ইউএনও তার গায়ে কম্বল তুলে দিলে তিনি আনন্দে আত্মহারা হয়ে বলেন, ‘কয়দিন ধইরি খুব ঠাণ্ডা লাগছিলো। আজকে টিএনও স্যার আমাক যে কম্বল দিলো, আমি অনেক খুশি।’

ইউএনও তাপসী রাবেয়া বলেন, ‘শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে ঘুরে ঘুরে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। যদিও চাহিদার তুলনায় কম্বল বরাদ্দ কম, তবে পর্যায়ক্রমে পৌর এলাকা ও উপজেলার প্রতিটি মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. তাজভীর আহম্মেদ, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন (মামুন), উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সহকারী কামাল হোসেন, আমজাদ হোসেনসহ আরও অনেকে।