ছেলের অটোতে চড়ে ওষুধ কিনতে গিয়ে ট্রাকচাপায় মা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের অটোরিকশায় চড়ে ওষুধ আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মাসুমা বেগম নামে এক নারীর হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমা বেগম (৪২) উপজেলার হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের  ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।