মনোনয়নপত্র দাখিলে সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরলেন শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই-শাল্লা গড়তে চাই, যেখানে প্রত্যেকে তাঁর প্রাপ্য সম্মান ও মর্যাদা পাবেন। দিরাই ও শাল্লায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে— এটাই আমাদের প্রত্যাশা।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। 

সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শিশির মনির ওই সময় নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন এবং সবাই অংশগ্রহণ করবে— এমন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাঁর বিশ্বাস। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে কোনো প্রার্থী বা ভোটারের মনে ভয়ভীতি না থাকে এবং সবাই উৎসবের আমেজে ভোট দিতে পারেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় শিশির মনিরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, দিরাই উপজেলা জামায়াতের আমির আবদুল কদ্দুস, মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, মুসলিম নারী প্রতিনিধি রাবেয়া মনির, সনাতন ধর্মাবলম্বী নারী প্রতিনিধি সুষমা পাল এবং শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ। 

বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, কৃষক, শিক্ষক, রাজনীতিক, শারীরিক প্রতিবন্ধী ও দুই ধর্মের নারী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে দিরাই-শাল্লার সম্প্রীতির রাজনীতির ঐতিহ্যকে নতুন করে তুলে ধরেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, ‘এই ঐতিহ্য, বৈচিত্র্য ও ঐক্য আমাদের সবাইকে ধরে রাখতে হবে।’