যুক্তরাষ্ট্রে অগ্নিসংযোগ-হুমকিতে ভারতীয় বংশোদ্ভূত ছাত্র গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী মনোজ সাই লেলাকে সোমবার ফ্রিস্কো পুলিশ গ্রেপ্তার করে। পারিবারিক সদস্যদের কাছ থেকে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও হুমকির তথ্য পেয়ে পুলিশ তার বাড়িতে যায়।

পুলিশ জানায়, লেলা কয়েকদিন আগে তাদের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। তাকে উপাসনালয় বা বাসস্থানে ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগের প্রথম ডিগ্রির ফৌজদারি অপরাধ ও পরিবারের সদস্যকে সন্ত্রাসী হুমকির কারণে ‘ক্লাস এ’ মিসডিমিনার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ নথি অনুযায়ী, তার জামিন যথাক্রমে এক লাখ ও সাড়ে তিন হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, উপাসনালয়ের বিরুদ্ধে কোনো হুমকির প্রমাণ এখনো পাওয়া যায়নি।