অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মঞ্চেই উঠতে পারলেন না জেমস

কনসার্ট চলাকালীন ইটপাটকেল নিক্ষেপে ও বিশৃঙ্খলার কারণে মঞ্চে উঠতে পারলেন না নগরবাউল জেমস। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে এক সময় পুরো অনুষ্ঠানটিই বাতিল করে আয়োজকরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। 

পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও তাতে বহিরাগতদের অসন্তোষ কমেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। 

বাধা পেলে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫-৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ৪-৫ জন বহিরাগত দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। 

নিরাপত্তা উপপরিষদের সদস্য বেনজীর আহমেদ তাবরীজ জানান, পরিস্থিতির অবনতি হওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ১০টার কিছু আগে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের পরিবেশনার খবরে ২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত হয়, যা স্কুল প্রাঙ্গণের ধারণক্ষমতার অনেক বাইরে ছিল। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত পুরো কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।