বলিউডের তিন খানই এবার ষাটের ঘরে পা রাখলেন। চলতি বছরের মার্চে আমির খান ষাট বছরে পা রেখেছেন, নভেম্বরে শাহরুখ খান পূর্ণ করেছেন ষাট। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সালমান খান। আজ ২৭ ডিসেম্বর জমকালো আয়োজনে পালিত হচ্ছে ভাইজানের জন্মদিন। বিশেষ দিনের প্রথম প্রহরেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, পানভেলের খামারবাড়িতে পরিবার ও বলিউডের কাছের মানুষদের নিয়ে জীবনের বিশেষ দিনটি উদ্যাপন করছেন এই তারকা। প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদ্যাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে সালমানের জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হচ্ছে।
লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান।