চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১টি এলজি অস্ত্রসহ মো. আইনুল করিম (২১) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো. আইনুল করিম চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১নং ওয়ার্ড এলাকার মো. মাহমুদুল হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট) এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো. আইনুল করিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্রসহ তাকে চন্দনাইশ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইফতিসাম জাওয়াদ দিয়াব বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে বলে জানান।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম জানান, অস্ত্র মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।