বছরের শেষ ম্যাচেও জয় পেলো না মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমে হতাশা যেন পিছু ছাড়ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বছরের শেষ ম্যাচেও জয়ের মুখ দেখেনি সাদাকালো জার্সিধারীরা। পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল দলটি, তবে জয়সূচক গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় রহমতগঞ্জ মুসলিম সোসাইটির সঙ্গে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

শনিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করে মোহামেডান। ম্যাচের প্রথম গোলটি আসে রহমতগঞ্জের পক্ষে, নেপালি ডিফেন্ডার আভিষেক লিম্বুর পা থেকে। পরে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে সমতায় ফেরে মোহামেডান।

এই ড্র নিয়ে আট ম্যাচে মোহামেডানের এটি টানা দ্বিতীয় এবং মোট তৃতীয় ড্র। ৯ পয়েন্ট সংগ্রহ করে আলফাজ আহমেদের দল এখন লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অবস্থান করছে তৃতীয় স্থানে। ১০ দলের লিগের প্রথম পর্বের আর এক রাউন্ড খেলা বাকি। 

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে রহমতগঞ্জ। ২৪তম মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিম্বু। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় পুরান ঢাকার ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টাতে চেষ্টা করে মোহামেডান। টানা দুই ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাতে আক্রমণ বাড়ায় তারা। ৬২তম মিনিটে উজবেক মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের নিখুঁত পাসে গোল করে দলকে সমতায় ফেরান বোয়াটেং।

দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। শুরুতে গোল হজম করলেও পা ওমার বাবুর পেনাল্টি গোলে ম্যাচে ফেরে ফর্টিস। এই ফলাফলে ১৫ পয়েন্ট নিয়ে তারা লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আছে সপ্তম স্থানে।

অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডাব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন’স ক্লাব। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই দুই গোলের লিড পায় ফকিরেরপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে শিহাব মিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ফকিরেরপুল।

এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ফকিরেরপুল। অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে পিডাব্লিউডি।