ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নে শেষ মুহূর্তে এসে বাজিমাত করলেন সাঈদ আল নোমান। তিনি বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের পুত্র। চট্টগ্রাম-১০ আসনে পূর্ব ঘোষিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে পরিবর্তন করে সেখানে সাঈদ আল নোমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার তাকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। আমির খসরু কে দেওয়া হয়েছে চট্টগ্রাম-১১ আসন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনটিতে একাধিকবার নির্বাচন করেছেন বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমান। তার স্থলাভিষিক্ত হিসেবে আসনটি থেকে পুত্র সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হবে এমনটিই দীর্ঘ দিন ধরে প্রত্যাশা করে আসছিলেন নোমান ভক্তরা। কিন্তু গত ৩ নভেম্বর প্রথম দফায় ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। যদিও এর আগে একাধিকবার তিনি চট্টগ্রাম-১১ আসন থেকেই নির্বাচন করে আসছিলেন। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর অনেক হতাশ হয়ে পড়েন নোমানের অনুসারীরা। কিন্তু শেষমূহুর্তে এসে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম তার অনুসারীদের মাঝে ফিরেছে উচ্ছাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন সাঈদ আল নোমান নিজেও।
চূড়ান্ত মনোনয়নের চিঠি পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে সাঈদ আল নোমান লিখেছেন- ছয় দিন আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি যেমনই হোক, আপনাদের প্রতি আমার প্রতিটি আর্তি ও নিবেদন একই রয়ে গেছে। গভীর কৃতজ্ঞতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি—যিনি আজও অসুস্থ শয্যায় থেকেও জাতির জন্য এক অবিরাম প্রেরণার উৎস। ‘বিশেষ’ ‘বিশেষ’ ‘বিশেষ’ কৃতজ্ঞতা আমাদের নেতার প্রতি, যার দিকে আজ সারা দেশ তাকিয়ে আছে, সাথে আমিও—“সবার আগে বাংলাদেশ”-এর স্থপতি, অবিসংবাদিত জননেতা জনাব তারেক রহমান।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার নীরব যোদ্ধা পিতা, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের প্রতি—‘নেতা গড়ার কারিগর’ হিসেবে খ্যাত সেই রাজনীতিজ্ঞ, যার কাছ থেকে আমার মতো আরও অনেকের শেখার ছিল অনেক কিছু; দুর্ভাগ্য আমাদের সবার; একই সঙ্গে আমার আম্মা, প্রফেসর তাসমিন আরা নোমান—কীভাবে যে বোঝাব, তোমাদের দুজনের ত্যাগ ও অবদানের কারণেই তো আজ আমি এখানে দাঁড়িয়ে আছি! পাশাপাশি আমার মুরুব্বিয়ানদের প্রতিও রইল অশেষ কৃতজ্ঞতা—বাবা চলে যাওয়ার পরও যারা স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনায় আমাকে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন।
সর্বোপরি, মহান সৃষ্টিকর্তা—হে মালিক পরওয়ারদিগার, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা, আপনিই একমাত্র সম্মান দানকারী ও সম্মান হরণকারী। আপনার কাছেই আমার সকল কিছু সমর্পিত!
এদিকে, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনে গত ৩ নভেম্বর কাজী সালাহউদ্দিনকে ধানের শীষের মনোানয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করে চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে সেখানে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।