বিএনপি থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবীর শাহিন।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো পদত্যাগ পত্রের একটি কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি (শাহিন) দলের সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করলাম।
শাহ্ নুরুল কবীর শাহিন ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত শাহ্ নুরুল হুদার ছেলে।
সংবাদ সম্মেলনে শাহ্ নুরুল কবীর শাহিন বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ২০০১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আমি ভোটের মাঠে থাকব।
আপনি আট দলীয় জোট কিংবা অন্য কোনও দল থেকে নির্বাচনে অংশ নিবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, অনেক দলেই আমাকে অফার করছে। কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমি ভোটের মাঠে থাকব।