উপদেষ্টা আদিলুর

নির্বাচিত সরকার আমাদের উদ্যোগগুলো এগিয়ে নেবে

বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে হবে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ রবিবার সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত পনেরো বছর ছিল ফ্যাসিবাদের কাল। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দিতে গিয়ে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে। এবার মানুষ নির্বাচনে ভোট দেবে দুইটা। গণভোট যেটা জুলাই সনদের পক্ষে। আর আরেকটা পার্লামেন্ট নির্বাচন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের রেমিট্যান্স তো অবশ্যই একটা বিরাট ব্যাপার। এ ছাড়া অন্যান্য শিপ্লের ক্ষেত্রেও কাজ হচ্ছে। দেশের যারা জেনুইন উদ্যোক্তা, দেশপ্রেমিক উদ্যোক্তা তারা কিন্তু কাজ করছেন। এই উদ্যোগ চলবে। নির্বাচন ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পরে যারাই দায়িত্ব নেবে তারা উদ্যোগ এগিয়ে নেবেন। দেশের অর্থনীতি, শিল্পসহ সমস্ত কিছুতেই অগ্রগতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।