স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ ও শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা আদিলুর এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়। শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট আয়োজন করা হয়েছে।
‘হ্যাঁ’ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে উল্লেখ করে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কিংবা শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে আসবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন। এরপর বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাটি সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী।
