কুলাউড়া

ফসলি জমির মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে রাজন আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার রঙ্গিরকুল এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

তিনি জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রাজন আহমদকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।