সিংগাইরে ডাকাতির শিকার নাট্যকর্মী ‘আবুল নায়ক’, কুপিয়ে মোবাইল ও নগদ অর্থ লুট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গভীর রাতে ডাকাতির ঘটনায় আবুল হোসেন (৩৬) নামে এক নাট্যকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘আবুল নায়ক’ নামে পরিচিত। এ ঘটনায় ডাকাতরা তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা–ফোর্ডনগর আদর্শ গ্রাম সড়কের আরসিএল গেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় আহত আবুল হোসেন ফোর্ডনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এবং হাজী ইদ্রিস আলীর ছেলে। তিনি উপজেলা গণ অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাটক দেখে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৫–৬ জনের একটি ডাকাত দল হঠাৎ আবুল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা একটি আইটেল স্মার্ট মোবাইল ফোন ও প্রায় দেড় হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। হামলার সময় তিনি চিৎকার করলে ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একই সময়ে ওই এলাকায় পার্শ্ববর্তী সাভার থানার তেতুলঝোঁড়া এলাকার এক অটোরিকশা চালকের কাছ থেকেও প্রায় দুই হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা এবং তার অটোরিকশাটি নিয়ে যায়।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে একই দিন সিংগাইর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’