বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ভাগ্য বরণ করলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতান্স। মালিকানা জটিলতা থাকায় পিএসএলের ফ্রাঞ্চাইজিটির দায়িত্বভার নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।যেমন বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বিসিবি।
রবিবার এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ১১তম পিএসএল আসরে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও ক্রিকেট–বিশেষজ্ঞদের নিয়ে একটি পরিচালনা কাঠামো গঠন করা হবে। মৌসুম শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
নাকভি বলেন, “পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মুলতান সুলতানসকে নিলামে তুলব। খুব শিগগিরই, আট থেকে দশ দিনের মধ্যে, একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দেওয়া হবে, যিনি পুরো মৌসুমে ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম দেখভাল করবেন।”
তিনি জানান, ইসলামাবাদে আগামী ৮ জানুয়ারি দুইটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা হবে। তবে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় আগে বিক্রির ঘোষণা দিতে হয় বলে একই সঙ্গে মুলতান সুলতানসকে নিলামে তোলা সম্ভব হয়নি। মার্চের শেষ দিকে পিএসএল শুরু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আলাদা করে ক্রেতা খোঁজার সুযোগও ছিল না।
উল্লেখ্য, গত মাসে মুলতান সুলতানসের মালিক আলী তারিন ফ্র্যাঞ্চাইজির মালিকানা নবায়ন না করার ঘোষণা দেন। পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, স্বচ্ছতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত আসে। এর জেরে পিসিবি তারিনকে আইনি নোটিস পাঠায় এবং অভিযোগ প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। জবাবে এক ব্যঙ্গাত্মক ভিডিও বার্তায় নোটিস ছিঁড়ে ফেলার দৃশ্য দেখান তারিন।
পরবর্তীতে ১১তম মৌসুমের প্রস্তুতি ঘিরে আলোচনার ক্ষেত্রেও একপ্রকার একঘরে হয়ে পড়েন তিনি। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো মালিকানা নবায়নের চিঠিও পাননি তারিন। সর্বশেষ তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন।
৩১ ডিসেম্বর আলী তারিনের মালিকানা মেয়াদ শেষ হওয়ায় পিসিবির সামনে তিনটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মহসিন নাকভি ইঙ্গিত দেন, অন্য দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির যেকোনো একটি কিনতে চাইলে তারিনের জন্য দরজা খোলা রয়েছে। তিনি বলেন, “মুলতান সুলতানস গড়তে আলী তারিন অনেক কাজ করেছেন। যদি তিনি নতুন কোনো দল কিনতে চান, অবশ্যই নিলামে অংশ নিতে পারবেন।”
পিএসএলের ইতিহাসে এই প্রথম কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি সরাসরি বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। বিশ্বের বড় কোনো টি-টোয়েন্টি লিগেও এমন দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না। মুলতান সুলতানসের জন্য গঠিত পরিচালনা কমিটির কাঠামো শিগগিরই জানানো হবে বলে জানান নাকভি।