জাতীয় দল ছেড়ে গম্ভীরকে রঞ্জি দলের কোচ হওয়ার পরামর্শ

ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বোশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। এবার সেই সমালোচনায় যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তিনি গম্ভীরকে রঞ্জি ট্রফির কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

পানেসারের মতে, লাল বলের ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা অর্জনের জন্য গম্ভীরের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পানেসার বলেন,“গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটে একজন সফল কোচ। কিন্তু লাল বলের ক্রিকেটে দল গঠনের জন্য রঞ্জি ট্রফিতে কোচিং করাটা তার জন্য উপকারী হবে।”

তিনি আরও বলেন, “রঞ্জি ট্রফির কোচদের সঙ্গে কাজ করলে গম্ভীর বুঝতে পারবেন কীভাবে দীর্ঘ সংস্করণের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে হয়। বর্তমানে ভারতের টেস্ট দল দুর্বল অবস্থায় আছে, এটাই বাস্তবতা।”

সম্প্রতি গম্ভীরের কোচিংয়ে ভারতের টেস্ট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের সিরিজে পরাজিত হয় ভারত। এই ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাবেক ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে টেস্ট দলের কোচিং নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিলের নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন পানেসার। তিনি বলেন, “শুবমান গিল একজন প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু তিনি অনেক সময় অলস শট খেলেন। তার মধ্যে ধারাবাহিকতা ও আগ্রাসনের ঘাটতি রয়েছে। বিরাট কোহলির মতো তীব্রতা ও মানসিক দৃঢ়তা সব ফরম্যাটে দেখা যায়, যা শুবমান গিলের মধ্যে এখনো পরিপূর্ণভাবে নেই। সব ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার চাপ তার জন্য বেশি হয়ে যাচ্ছে।”

পানেসারের মতে, একসঙ্গে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নেওয়ার পর নতুন দল গড়ে তুলতে সময় লাগে, তবে সঠিক দিকনির্দেশনা ও লাল বলের গভীর বোঝাপড়া ছাড়া টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া কঠিন।