ইয়ামালের বক্তব্যে মুগ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল যখন দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে নিজের পুরস্কার গ্রহণ করছিলেন, তখন সামনের সারিতে বসে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

 

১৮ বছর বয়সী ইয়ামাল সেদিন সেরা ফরোয়ার্ড এবং সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এরপর তার বক্তব্য শুনে মুগ্ধ হন রোনালদো। 

পুরস্কার গ্রহণের সময় ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, তিনি কাকে অনুসরণ করতে চান বা কার সঙ্গে তুলনা পছন্দ করেন। উত্তরে ইয়ামাল বলেন, 'শেষ পর্যন্ত নিজেকে কারও সঙ্গে তুলনা না করাটাই ভালো।ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা যা করেছেন, তা করেছেন নিজেদের মতো করে। আমিও আমার নিজের পথ গড়তে চাই।'

এই কথার পরই ক্যামেরা ঘুরে যায় রোনালদোর দিকে। ইয়ামালের কথা শুনে আল-নাসর তারকা হেসে উঠেন এবং মাথা নেড়ে স্পষ্টভাবে ইয়ামালের বক্তব্যের প্রতি সম্মতি জানান। তার এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে অনেকেই সম্মান ও প্রশংসার প্রকাশ হিসেবে দেখছেন।

ইয়ামালের বছরটিও ছিল দারুণ সফল। বার্সেলোনার হয়ে তিনি লা লিগাসহ তিনটি শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ফাইনালেও খেলেছিলেন, যদিও সেখানে রোনালদোর পর্তুগাল টাইব্রেকারে শিরোপা জিতে নেয়।

অন্যদিকে, রোনালদোর রাতটিও স্মরণীয় ছিল। তিনি নিজেও 'বেস্ট মিডল ইস্টার্ন প্লেয়ার' এবং 'টপ গোলস্কোরার অল টাইম' নামের দুটি পুরস্কার জেতেন।

এর আগেও রোনালদো প্রকাশ্যে ইয়ামালের প্রশংসা করেছেন। তিনি ইয়ামালকে “একজন ফেনোমেনন” বলে আখ্যা দিয়ে সবাইকে অনুরোধ করেছিলেন, যেন এই তরুণ তারকার ওপর অযথা চাপ না দেওয়া হয়। রোনালদোর মতে, ইয়ামালের সামনে রয়েছে দীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত