দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা সুলতানা নীলার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা। প্রস্তাবকারী হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মন্ডল এবং সমর্থনকারী হিসেবে ছিলেন বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক শামসুদ্দিন মন্ডল আবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, দিনাজপুর-৬ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব মিলন প্রধান, জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট শিরন আলমসহ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ সময় মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিরামপুর উপজেলা চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।