কঠিন সময়ে দেশ উদ্ধারে মানুষ বিএনপিকেই দায়িত্ব দেয়: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

কঠিন সময়ে দেশ উদ্ধারে মানুষ বিএনপিকেই দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, সেখান থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির ওপরই আস্থা ও দায়িত্ব অর্পণ করে। সংকটকালে দেশ ও জনগণকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। তবে এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, দলের ভেতর কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে তার চূড়ান্ত সুবিধা নেবে গুপ্ত ও পলাতক বাহিনী।

​নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে ডাক্তার জাহিদ বলেন, দল না থাকলে পদের কোনো মূল্য থাকে না। আর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা না থাকলে কোনো রাজনৈতিক সংগঠন কখনোই এগিয়ে যেতে পারে না।

​বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগামীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ কিছু কঠিন সময় পার করতে হতে পারে। সে জন্য সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

​লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

​সভায় উপস্থিত ছিলেন জেলার পাঁচটি উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ সর্বাধিক পঠিত