চট্টগ্রাম-১৪

আ. লীগ ঘনিষ্ঠ জসিম পেলেন বিএনপির মনোনয়ন, ফুঁসছে তৃণমূল

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা থেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনটি দীর্ঘদিন খালি রেখেছিল বিএনপি। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সেখানে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে।

আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ ব্যবসায়ীকে মনোনয়ন দেয়ার খবরে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা।। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির এই প্রার্থী মনোনয়ন নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

আলোচিত এই ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ কক্সবাজারে ‘রামাদা কক্সবাজার’ এবং দুবাইয়ে ‘রামাদা দুবাই’ হোটেলের মালিক। তিনি সাবেক আইজিপি বেনজিরের ব্যবসায়িক সহযোগী বলে এলাকায় চাউর রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা এলাকার মানুষের মুখে মুখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ ও আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার তোলা ছবি এখন ঘুরছে ফেসবুকে। মূলত, অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় চট্টগ্রাম-১৪ আসনটি বিএনপি ছেড়ে দেবে এমন হিসেব নিকেশ থেকেই ওই আসনে এতদিন প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। কিন্তু অলি আহমদ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলে স্থানীয় অন্তত অর্ধ ডজন নেতা ওই আসন থেকে মনোনয়ন পেতে তদবির শুরু করে।

রিটার্নিং অফিসার কার্যালয় বিএনপি প্রার্থী পরিচয়ে মনোনয়নপত্রও সংগ্রহ করেন তারা। কিন্তু সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি প্রার্থী হিসেবে জসিম উদ্দিন আহমেদের নামে মনোনয়ন সংগ্রহের পর রাতেই তাকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়ে সমালোচনার ঝড়। 

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার বাড্ডার এক হত্যা চেষ্টা মামলায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর নিকুঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছিল খিলক্ষেত থানা পুলিশ। ওই মামলার এজহারে ২১ নম্বর আসামী ছিলেন তিনি। এছাড়া, পদ্মা ব্যাংকের এক ঋণখেলাপী মামলায় গত বছরের ১০ জুলাই জসীম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে কারাদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।