থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ

কম্বোডিয়ার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ

কম্বোডিয়ার প্রায় আড়াইশ ড্রোন থাইল্যান্ডের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। সোমবার (২৯ ডিসেম্বর) থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় রবিবার রাতে এই ড্রোনগুলো অতর্কিতে থাই সীমান্তে অনুপ্রবেশ করে। মাত্র কয়েকদিন আগে দুই দেশের মৃত্যুমুখী সীমান্ত সংঘাত বন্ধের চুক্তির পর এই ঘটনা চুক্তির স্থায়িত্বে সন্দেহ সৃষ্টি করেছে।

শনিবার স্বাক্ষরিত চুক্তির আওতায় দুই দেশ সংঘর্ষ বন্ধ ও সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সম্মত হয়েছিল। এছাড়া, থাইল্যান্ড চুক্তি মেনে জুলাইয়ে আটক ১৮ কম্বোডিয়ান সৈন্য ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সকোন ঘটনাটিকে সীমান্ত সংক্রান্ত তুচ্ছ বিষয় বলে উল্লেখ করেছেন এবং  তদন্তের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, থাইল্যান্ডের সেনাবাহিনী মুখপাত্র উইনথাই সুভারি এটিকে উস্কানিমূলক ঘটনা বলছেন যা সীমান্তে সৈন্য ও সাধারণ মানুষদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, কম্বোডিয়ার আচরণের ওপর ভিত্তি করে আটক সৈন্যদের মুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে।