লালমনিরহাট-৩ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে নির্বাচনী কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছেন। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত থাকলেও দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে আশা করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর একে একে দুপুর ১২টায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে হাতীবান্ধা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান তার মনোনয়নপত্র দাখিল করেন।
একই সময় লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের আগে লালমনিরহাট-১, ২ ও ৩ আসনের বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।