টেনিস কিংবদন্তিকে পুরস্কার তুলে দিলেন ফুটবল কিংবদন্তি

দুবাইয়ে আয়োজিত ১৬তম গ্লোব সকার অ্যাওয়ার্ডসে টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচকে বিশেষ সম্মান জানালেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড তুলে দেওয়ার সময় রোনালদো বলেন, দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে টিকে থাকার ক্ষেত্রে জকোভিচ তার কাছে এক অনন্য উদাহরণ।

রোনালদো বলেন, “আমার কাছে সে (জকোভিচ) একজন আদর্শ। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন তিনি। এই জায়গায় আমাদের গল্প অনেকটাই একরকম। সে এই প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় উদাহরণ। জকোভিচের এই সম্মান পুরোপুরি প্রাপ্য।"

৪০ বছর বয়সেও শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলে চলেছেন রোনালদো। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৫৬, লক্ষ্য ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত দিলেও ক্লাব ফুটবলে আল নাসরের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ২০২৭ সাল পর্যন্ত।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী নোভাক জকোভিচও টেনিস কোর্টে বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছেন। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা বর্তমানে বিশ্ব র‍্যাংকিংয়ের চার নম্বরে। এটিপি র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার (৪২৮ সপ্তাহ) রেকর্ডও তার দখলে। অবসরের ভাবনা এখনই নেই বলে জানিয়ে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে দেখছেন।

রোনালদোর কাছ থেকে পুরস্কার পেয়ে আবেগাপ্লুত জকোভিচ বলেন, “এটা আমার জন্য স্বপ্নের মতো মুহূর্ত।” আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের দিকে তাকিয়ে আছেন তিনি।

ভিন্ন ভিন্ন খেলায় হলেও দীর্ঘস্থায়িত্ব, ধারাবাহিকতা আর সাফল্যের গল্পে রোনালদো ও জকোভিচ—দুজনেই যেন একই সুতোয় গাঁথা।