প্রথমবারের মত শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করল হামাস

হামাস নিশ্চিত করেছে যে তাদের সশস্ত্র শাখার দীর্ঘদিনের মুখপাত্র আবু ওবায়দা এবং গাজায় সংগঠনটির সাবেক নেতা মোহাম্মদ সিনওয়ার চলতি বছর ইসরায়েলের গাজা যুদ্ধের সময় নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে আল-কাসাম ব্রিগেডস প্রথমবারের মতো আবু ওবায়দার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় এবং নতুন এক মুখোশধারী হামাসের মুখপাত্র হিসেবে পরিচয় দেয়। একই সঙ্গে আবু ওবায়দার প্রকৃত নাম হুদাইফাহ সামির আবদুল্লাহ আল-কাহলুত বলেও জানানো হয়।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী মে মাসে মোহাম্মদ সিনওয়ার এবং কয়েক মাস পর আবু ওবায়দাকে হত্যার দাবি করেছিল। যুদ্ধ, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নিয়মিত বিবৃতি দেওয়ায় আবু ওবায়দা হামাসের অন্যতম প্রধান কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

হামাস আরও জানিয়েছে, রাফাহ ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাহসহ জ্যেষ্ঠ নেতা হাকাম আল-ইসা ও রায়েদ সাদের মৃত্যুও নিশ্চিত হয়েছে। সংগঠনটি জানায়, মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর মোহাম্মদ সিনওয়ার কাসাম ব্রিগেডসের চিফ অব স্টাফের দায়িত্ব নিয়েছিলেন, পরে তিনিও নিহত হন।

এই ঘোষণার মাধ্যমে গত দুই বছরে ইসরায়েলি অভিযানে নিহত হামাসের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের তালিকা আরও দীর্ঘ হলো