খালেদা জিয়ার মৃত্যু

সারাদেশে বিএনপিসহ নানা শ্রেণিপেশার শোক ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দোয়ার আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে পাঠানো শোকবার্তায় তারা গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। সেই সাথে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তারা।

বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে পাঠানো তথ্য অনুযায়ী—

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি পাঠানো তথ্য অনুয়ায়ী শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শোক প্রকাশের পাশাপাশি তিনি মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসাসহ উপজেলাবাসীকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পাঠানো তথ্য অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটস্থ জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক (খুলনা)— তথ্য অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালন করেছে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। 

খুলনা মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

শোক প্রকাশ করেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনে ধানের শীষের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

বগুড়া প্রতিনিধি— পাঠানো তথ্যানুযায়ী বগুড়ার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে বগুড়ার জিয়াবাড়ীত। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলে দলে লোকজন ছুটে আসছেন জিয়াবাড়ীর প্রাঙ্গণে।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারালো। দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি - সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মসজিদ, মাদরাসায় দোয়া কোরআন খতম ও শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির মসজিদে ও শহরের মিশনপাড়া এলাকায় সাতদিনব্যাপী দোয়া, কোরআন খতম ও বই স্বাক্ষর কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক, সিলেট— তার পাঠানো তথ্যানুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। 

সিলেট জেলা ও মহানগর বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রতিনিধি, ভোলা - সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ভোলায় মাদরাসা ছাত্রদের নিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০জন মাদরাসা ছাত্র শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপি ও তাদের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও বিএনপি মনোনীত ভোলা-১ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন,আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নি:স্বার্থভাবে ভালোবেসে গেছেন। মাদরাসা ছাত্রদের নিয়ে তার জন্য আজকে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করেছি। আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে,তা যথাযথ ভাবে পালিত হবে।

এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ,সদর উপজেলার বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান,সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পিরোজপুর প্রতিনিধি পাঠানো তথ্যানুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন।

‎আজ মঙ্গলবার সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

যশোর প্রতিনিধি’র পাঠানো তথ্যানুযায়ী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রূহের মাগফিরাত কামনা করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি’র পাঠানো তথ্য ও স্থিরচিত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারালো।

নরসিংদী প্রতিনিধি’র পাঠানো তথ্যানুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদী জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় কার্য্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া একটা নাম ও একটা ইতিহাস। তিনি শুধু বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি জাতির অভিভাবক ছিলেন। তিনি স্বৈরাচাবিরোধী আন্দোলন করে আপোসহীন দেশ নেত্রীর খেতাব পেয়েছেন। তিনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন।

বরিশাল প্রতিনিধি’র পাঠানো তথ্য অনুসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো বরিশালও শোকের ছায়ায় ঢেকে গেছে। 

বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। কান্না, কালো ব্যাজ, কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে স্মরণ করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম প্রমুখ।