খালেদা জিয়ার ৩ আসনে কি হবে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনীত তিনটি আসনের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার কোনও প্রয়োজন নেই।

গত সোমবার ছিল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। একই সঙ্গে এই তিনটি আসনেই বিএনপি একজন করে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্রও জমা দেয়।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর প্রশ্ন ওঠে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংশ্লিষ্ট তিনটি আসনে নতুন করে নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করতে হবে কি না।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার না করা কোনও ‘বৈধভাবে মনোনীত’ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হয়। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, শুধু মনোনয়নপত্র জমা দিলেই কেউ আইনগতভাবে বৈধ প্রার্থী হয়ে যান না। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। খালেদা জিয়ার ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফলে আইনগতভাবে তিনি এখনো বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত নন।

তিনি আরও জানান, এই অবস্থায় খালেদা জিয়ার নামে দাখিল করা মনোনয়নপত্র কার্যত স্থগিত থাকবে। যেহেতু তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী রয়েছেন, তাই নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ধরনের বিঘ্ন ঘটবে না। প্রতীক বরাদ্দের আগে দল যার নামে চূড়ান্ত চিঠি দেবে, তিনিই সংশ্লিষ্ট আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই, প্রতীক বরাদ্দ ও ভোট গ্রহণের কার্যক্রম চলবে।