খালেদা জিয়ার মৃত্যুতে পোশাক কারখানায় এক দিনের ছুটি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সব পোশাক কারখানায় আগামী বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণা অনুযায়ী বিজিএমইএ’র সদস্যভুক্ত সব পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।