ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের তুয়াপস শহরে ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারে আগুন লেগেছে এবং দুইজন ব্যক্তি আহত হয়েছেন। ক্রাসনোডারের অপারেশনাল সদর দফতর বুধবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

তুয়াপস তেল শোধনাগারটি কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত। এটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র, যা প্রতিদিন প্রায় ২৪০,০০০ ব্যারেল জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম। ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে শোধনাগারটির দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার।
  
রুশ নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার ফলে শোধনাগারের সরঞ্জাম, একটি বন্দর জেটি এবং চারটি অ্যাপার্টমেন্ট ব্লকসহ একটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন প্রায় ৩০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে। তবে কতটুকু ক্ষতি হয়েছে বা কার্যক্রম স্থগিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
 
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। রাতের অন্ধকারে তুয়াপসের বিশাল এলাকায় আগুন জ্বলতে থাকা ভিডিও ছড়িয়েছে। ইউক্রেনের কোনো সরকারি সংস্থা বা প্রতিরক্ষা বাহিনী এ ব্যাপারে মন্তব্য করেনি।