হাঁটুর চোটে ছিটকে গেলেন এমবাপ্পে; বড় ম্যাচের আগে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বাঁ হাঁটুর চোটে সাময়িকভাবে মাঠের বাইরে ছিটকে গেছেন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফরাসি এই সুপারস্টারের বাঁ হাঁটু মচকে গেছে। তবে তার সেরে উঠতে কতদিন লাগবে, তার নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লোকিপ’ একটি প্রতিবেদনে জানিয়েছে, অন্তত কয়েক সপ্তাহ এমবাপ্পেকে মাঠের বাইরে থাকতে হতে পারে। পত্রিকাটির দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর পাশের লিগামেন্টে অস্বস্তিতে ভুগছিলেন এই স্ট্রাইকার। সাম্প্রতিক পরীক্ষায় হাঁটুতে ক্ষত ধরা পড়েছে, যার জন্য বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। সম্প্রতি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন। এই মৌসুমে লা লিগায় ১৮ গোল নিয়ে এখন শীর্ষে আছেন। চলতি মৌসুমে লিগে রিয়ালের ১৮ ম্যাচের সবকটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে।

আগামী বৃহস্পতিবার জেদ্দায় স্প্যনিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল। সেখানে জিততে পারলে ১১ জানুয়ারি ফাইনাল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও অ্যাটলেটিক বিলবাও ম্যাচের জয়ী দল। তাই এমবাপ্পের এই চোট মাদ্রিদের দলটির জন্য বড় ধাক্কা।