জেদ্দায় খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি সময় সকাল ১১টা ২০মিনিটে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেলের প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজার ইমামতি করেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন।

জানাজার নামাজ শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার জন্য সৌদিআরব পঞ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে পবিত্র ওমরাহ পালন ও দোয়া করা হয়।

জানাজায় উপস্থিত হয়ে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বেগম জিয়া এমন একজন রাজনীতিক ছিলেন যার মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ এবং সম্প্রীতির উদাহরণ তৈরি হয়েছে। প্রবাসীরা চাইলেই মরহুমা খালেদা জিয়ার জানাজায় যেতে পারবে না তাই এই জানাজার আয়োজন করেছি।

সব মানুষ যাকে ভালোবাসে, তাকে আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন বলে তিনি বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া জানাজায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) সৌদি আরব পঞ্চিমাঞ্চলের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, কনস্যুলেট কর্মকর্তা, কর্মচারী,জেদ্দা ও মক্কার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দলের নেতারাসহ প্রবাসীরা অংশ নেন।