খুলনায় ছুটির দিন বিদ্যালয় খোলা রাখায় প্রধান শিক্ষক অবরুদ্ধ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই প্রজ্ঞাপন উপেক্ষা করে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। 

বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কিছু ক্ষুব্ধ জনতা ওই প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে অবশ্য তাকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা করা হয়। এর মধ্যে বুধবার ছিল সাধারণ ছুটি। এ দিন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ওই শিক্ষক তার স্কুল খোলা রাখেন। যে কারণে স্কুলের কয়েকজন শিক্ষক ও অভিভাবক তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। এছাড়া বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে বৃহস্পতিবার সকলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিদ্যালয়ে আসলেই কিছু লোক তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।

এ ব্যাপারে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, ১ জানুয়ারি স্কুলে বই বিতরণের কাজ এগিয়ে নেওয়ার জন্য বুধবার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে ডেকে নিয়ে কিছু কার্যক্রম করেছেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় কিছু লোকজন তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।