মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩১) নামে এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

টেঁটাবিদ্ধ নাসির শেখ ওই গ্রামের প্রয়াত আলাউদ্দিন শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিশও হয়েছে। ওই বিরোধের জেরে এদিন দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেটা ও লাঠিসোঁটা নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এ সময় সে টেটাবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. ফারহানা ইয়াসমিন বলেন, টেটাবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। এখানে টেটা খোলা সম্ভব নয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সিরাজদীখান থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান বলেন, একজন ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।