চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার যাচাই বাছাইকালে তথ্যগত ত্রুটি, বকেয় পরিশোধ না করা ও ঋণখেলাপির অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসর এদের মনোনয়ন বাতিল করেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম-১১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইকালে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের মধ্যে সিআইবি রিপোর্টে ঋণখেলাপীর অভিযোগ থাকায় এ কে এম আবু তাহেরের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি দলীয় মনোনয়ন ছাড়াই বিএনপির পরিচয়ে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। সিটি কর্পোরেশনের ৯৭ হাজার ১৭৫ টাকা পাওনা পরিশোধ না করায় এবং ১০-বি ফরম না থাকায় বাতিল করা হয় গণ অধিকার ফোরামের মুহাম্মদ নেজাম উদ্দিনের মনোনয়ন পত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নুর উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় মনোনয়নপত্রে প্রার্থীর সুনির্দ্দিষ্ট নাম, আসন নম্বর ও ভোটার নম্বর উল্লেখ না থাকায়। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১% ভোটার যাচাইয়ে ৫জনের পরিচয় সঠিক না পাওয়ায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়ন।
যাচাই বাছাই শেষে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর দীপা মজুমদার, জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. নিজামুল হক এবং ইনসানিয়াত বিপ্লবের মো. আজিজ মিয়া।