ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারীর মোট চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে এদের মধ্যে থেকে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন।
তারা হলেন- নীলফামারী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ও নীলফামারী-২ (সদর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজ।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর মোট চারটি আসনের মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। তফসিল অনুযায়ী, ১ জানুয়ারি নীলফামারী ১ ও নীলফামারী ২ আসনের যাচাই বাছাই সম্পন্ন করা হয়। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ৯ জনের কাগজ সঠিক পাওয়া যায়।
এদিকে নীলফামারী-২ (সদর) আসনটিতে মোট সাত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে পাঁচজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজ বাতিল হয়।
ডিসি জানান, বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।