মসজিদে নববিতে চালু হলো ‘হিদায়াহ সেন্টার’

সৌদি আরবের মদিনা শহরে মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ ও দিক নির্দেশনামূলক সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন ‘হিদায়াহ সেন্টার’চালু করা হয়েছে। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই উদ্যোগ দর্শনার্থীদের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

সম্প্রতি মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস ‘হিদায়াহ সেন্টারে’র উদ্বোধন করেন। সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে শায়খ আস-সুদাইস বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেবার আধুনিকায়ন অপরিহার্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এতে পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দুই পবিত্র মসজিদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ধর্মীয় বার্তা বিশ্বব্যাপী মানুষের কাছে আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন এই কেন্দ্রের মাধ্যমে মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ ও দিক নির্দেশনামূলক সেবা জোরদার করা হবে। কেন্দ্রটি মূলত দিকনির্দেশনামূলক বই বিতরণ ও দাওয়াহ বার্তা পৌঁছে দেওয়ার কাজে বিশেষায়িত। এর মাধ্যমে ইসলামি জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের আত্মিক ও বৃদ্ধিবৃত্তিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়।