অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, কিন্তু কোনো কৃতিত্ব পাচ্ছেন না বাবর আজম। বরং সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে তার টি-টোয়েন্টির স্ট্রাইকরেট নিয়ে ঠাট্টা-তামাশা আর সমালোচনা। বিগ ব্যাশের ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৬ উইকেটে হারিয়েছে বাবরদের সিডনি সিক্সার্স। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেলবোর্নের হয়ে খেলা আরেক পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান।
মেলবোর্নে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৪ রান তোলে স্বাগতিকরা। ওপেনিংয়ে জশ ব্রাউন ২২৬ স্ট্রাইকরেটে ১৯ বলে ৪৩ রানের ঝড় বইয়ে দেন। তিনে নেমে মোহাম্মদ রিজওয়ান করেন ১০ বলে ৬! মিডল অর্ডারে জ্যাক ফ্রেজার (৩৮) আর হাসান খানের ৩৯ রান দলকে পথ দেখায়। এরপর দ্রুত ধসে পড়ে মেলবোর্নের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৬ রান খরচায় ম্যাচসেরা শন অ্যাবট নেন ৩ উইকেট। দুটি করে নেন এডওয়ার্ড, ডারউইশ আর হেইডেন কের।
রান তাড়ায় নেমে ৪৬ রানের দারুণ ওপেনিং জুটি গড়েন বাবর আজম আর ড্যানিয়ে হ্যাগস (৩০)। টি-টোয়েন্টির সঙ্গে বেমানান ব্যাটিংয়ে ৪১ বলে ফিফটি পূরণ করেন বাবর। ছয়ে নামা জোয়েল ডেভিসের সঙ্গে তার অবিচ্ছিন্ন ২৬ বলে ৫১ রানের জুটিই সিডনিকে জয়ের বন্দরে নিয়ে যায়। তবে জুটিতে বড় অবদান ডেভিসের। তিনি ১৫ বলে ৩ চার ২ ছক্কায় অপারজিত ৩৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। বাবর অপরাজিত থাকেন ৪৬ বলে ৪ চার ১ ছক্কায় ৫৮ রানে; স্ট্রাইকরেট মাত্র ১২৬।