টুর্নামেন্টে খারাপ করায় জাতীয় ফুটবল দলই নিষিদ্ধ করল সরকার!

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) টুর্নামেন্টে থেকে হতাশাজনক বিদায়ের পর গ্যাবনের জাতীয় ফুটবল দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। একই সঙ্গে দলটির তারকা ফরোয়ার্ড পিয়ের-এমেরিক আউবামেয়াংকে নিষিদ্ধ করা হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মউইউমাকে।

মরক্কোয় অনুষ্ঠিত টুর্নামেন্টে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষেও হারের পর গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে গ্যাবন। আইভরি কোস্টের বিপক্ষে পরাজয়ের পর গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মাম্বুলা এই কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেন। দলের এই পারফরম্যান্সকে ক্রীড়ামন্ত্রী ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

এক বিবৃতিতে মাম্বুলা বলেন, ‘আফ্রিকা কাপে প্যান্থারদের অপমানজনক পারফরম্যান্সের কারণে কোচিং স্টাফ ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে খেলোয়াড় ব্রুনো একুয়েলে মানগা ও পিয়ের-এমেরিক আউবামেয়াংকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে গ্যাবন দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত হার মানে। ওই ম্যাচে আউবামেয়াং খেলেননি। উরুর চোটের চিকিৎসার জন্য তিনি মার্সেইতে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে আউবামেয়াং বলেন, ‘দলের সমস্যাগুলো একজন খেলোয়াড়কে কেন্দ্র করে নয়, বরং এর গভীরতা অনেক বেশি।’

সাবেক আর্সেনাল ও চেলসি তারকা আউবামেয়াং গ্যাবনের সর্বোচ্চ গোলদাতা। তার নেতৃত্ব ও অভিজ্ঞতার পরও দলের এমন ব্যর্থতায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোচ থিয়েরি মউইউমা প্রায় দুই বছরের কিছু বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন। একসময় আফ্রিকার বিভিন্ন দেশে জাতীয় দল ভেঙে দেওয়ার ঘটনা নিয়মিত দেখা যেত। তবে ফিফার কঠোর নীতির কারণে এখন এরকম খুব একটা দেখা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত