শফিকুল আলম

ভুল স্বীকার না করলে আ.লীগকে জনগণ গ্রহণ করবে না

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকারে ব্যর্থ হলে জনগণের আস্থা আর ফিরে পাওয়া সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলমের মতে, বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। বিশেষ করে তিন হাজার পুলিশ হত্যার দাবি কিংবা আন্দোলনে অংশ নেওয়া বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা দিচ্ছে। এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রেস সচিব আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভুলের দায় স্বীকার করেনি। এদিকে মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এই সময়ে এসে ভুল স্বীকার করলেও তা কার্যত দেরি হয়ে গেছে বলে তিনি মনে করেন। তার বক্তব্যে উঠে আসে, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জনগণের আস্থা পুনরুদ্ধার করতে অতীতের ভুল স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই।

এর আগে শফিকুল আলম নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে পরিচালিত বিভিন্ন সেবামূলক উদ্যোগের খোঁজখবর নেন। আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রতিষ্ঠানটির ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরাও উপস্থিত ছিলেন।