ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারী) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সুকুমার বড়ুয়ার কন্যা অঞ্জনা বড়ুয়া এ তথ্যটি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা অসুস্থতায় বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার ফুসফুসে পানি জমেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম গ্রহণ করেন ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া। 

ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয় টাকায় বেড়ার ঘর ভাড়া করে লেখালেখি শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।

প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া 'ছড়ারাজ', 'ছড়াশিল্পী', 'ছড়াসম্রাট' ইত্যাদি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক বার্তাও তার লেখায় এসেছে।

'পাগলা ঘোড়া', 'ভিজে বেড়াল', 'চন্দনা রঞ্জনার ছড়া', 'এলোপাতাড়ি', 'নানা রঙের দিন', সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, 'চিচিং ফাঁক', 'কিছু  না কিছু', 'প্রিয় ছড়া শতক', 'নদীর খেলা', ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (২ খণ্ড), 'যুক্তবর্ণ', 'চন্দনার পাঠশালা', 'জীবনের ভেতরে বাইরে' সুকুমার বড়ুয়ার উল্লেখযোগ্য ছড়ার বই।

সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত