কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে মো.নাসিম উদ্দীন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে ঘটনা ঘটে।
নিহত মো. নাসিম উদ্দীন (২৪) ঝিনাইদহের খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে ও বিজিবি সদস্য।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।
গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।