যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
চিকিৎসা সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১ বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাওয়ি কবরস্থানের কাছে পৃথক ঘটনায় ইসরায়েলি গুলিতে চারজন ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে দুই বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটে, যে যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪১৬ ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ১১০ জনের বেশি আহত হয়েছেন।