বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল ও তথ্যগত ত্রুটির কারণে আরও দুজনের প্রার্থীতা সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রার্থীসহ চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় এ আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-১ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সব তথ্য সঠিক থাকা এবং কোনও আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী।
অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।