সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।
সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিজিবি সদরদপ্তরের নির্দেশনায় দেশব্যাপী চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় শীতার্তদের হাতে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
শীতবস্ত্র বিতরণ শেষে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিজিবি দিনরাত সীমান্ত সুরক্ষায় কাজ করলেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গরু বা সুপারি চোরাচালানে জড়িত হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চোরাচালানে লিপ্ত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থানের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে সীমান্ত দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। প্রতিটি বিজিবি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন যেন সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা যায়। কোনও অবস্থাতেই কেউ যেন অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।