বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রামে বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে নগরের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দামপাড়া পুলিশ লাইনের রিজার্ভ  ফোর্সে কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।    

নিহত মুবিনুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল আমিনের  ছেলে। নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মুবিনুল ইসলাম  মোটরসাইকেলে করে দামপাড়া পুলিশ লাইনসের রিজার্ভ ব্যারাক  থেকে  কোতোয়ালি থানা এলাকায় দায়িত্ব পালনের জন্য আসছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা পরিবহনের একটি ডাম্পট্রাক  পেছন  থেকে তাঁর  মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাম্পট্রাকটিও জব্দ করা হয়েছে এবং গাড়ির হেলপারকেও আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।