ভোলায় বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

তিন মাস আগে এসএসসি পরীক্ষার্থী একমাত্র মেয়েকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন (৪২)। শেষ পর্যন্ত ভোলার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকির ও ফাতেমা বেগমের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ভোলা আদালতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষার্থী তার একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতির মৃত্যু হয়। এরপর থেকেই তিনি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন বলে স্বজনরা জানান। কয়েকদিন আগে তার স্ত্রী বরিশালে যাওয়ার পর তিনি ভোলার বাসায় একাই অবস্থান করছিলেন।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে না পৌঁছানোয় সহকর্মীরা তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে এক সহকর্মী বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ভোলা সদর মডেল থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত