কল্যাণকর রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: শফিকুর রহমান

জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা যায় না।

শুক্রবার (২ জানুয়ারি) জুম‘আর দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক (অ্যানুয়াল) গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হলে রাষ্ট্র পরিচালনায় নানাবিধ সংকট তৈরি হয়। তাই বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কোনও বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, তবে সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়- সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আসুন আমরা সবাই মিলিতভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।