গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শরিফুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়। 

নিহত শরিফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ০১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে সিদ্দিকুর, জনি ও শরিফুল একটি মোটরসাইকেলে করে বগুড়া থেকে ফিরছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই  জনি ও সিদ্দিকুর মারা যান এবং শরিফুল গুরুতর আহত হন।

নিহতরা হলেন- পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে  জনি (৩৯) ও উপজেলার নাকাই ইউনিয়নের মালেনিপাড়া গ্রামের শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)। এ সময় গুরুতর আহত শরিফুল ইসলামকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।