নতুন বছরের শুরুতে নতুন গান নিয়ে হাজির হলেন মিষ্টি গায়কীর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘বহতা নদী’ শিরোনামের একটি গান। জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন এস আই শহীদ। সংগীত আয়োজন করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে নদী বলেন, ‘জামাল ভাইয়ার কাছে কৃতজ্ঞ আমাকে এত সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিষয় তিনি আমার জন্য আমার নাম নিয়ে গান লিখেছেন, ভেবেছেন। আমার সঙ্গীত জীবনের একটি বিশেষ গান হয়ে থাকবে এটি আজীবন।’
চলতি বছরে রঙ্গন মিউজিক আরও কিছু চমক নিয়ে আসছে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার জামাল হোসেন। এরই মধ্যে নির্মিত হয়েছে একগুচ্ছ নাটক। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো-রাফাত মজুমদারের ‘হুমকি’ ( অভিনয়ে জোভান, তটিনী, তারিক আনাম খান ও সাবেরি আলম), রুবেল হাসানের ‘তুমি যখন এলে’ (অভিনয় দিলারা জামান, ইয়াশ রোহান ও তটিনী), তরিক মাহমুদ হাসানের ‘লাল মোরগের ঝোল’(অভিনয়ে মোশাররফ করিম ও হিমি) এবং সৈকত রেজার ‘খুনসুটি’ (অভিনয়ে নির্জন নাহুয়েল ও সুমনা সায়মা)।
জামাল হোসেন বলেন, ‘গানের পাশাপাশি রঙ্গন মিউজিক নিয়মিত নাটক নির্মাণ করছে। তবে আমরা শুধু ভিউকে প্রাধান্য দিচ্ছি না। নাটকে গল্পটাকেই বেশি গুরুত্ক দিচ্ছি। একইরকম সুন্দর কথা ও সুরের গান প্রকাশ করছি।’