সহযোগিতা চাইতে জেলা বিএনপি সভাপতির বাসায় জোনায়েদ সাকি

নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রকাশ জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়পনপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এ ঘোষণা শেষে জোনায়েদ সাকি ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি তথা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটের বাসায়। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি সহযোহিতা কামনা করেন। জোনায়েদ সাকি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র হিসেবে লড়বেন। তাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।